এক্সস্ন্যাপ ৭ প্রো স্মার্টফোন থেকে আলাদা করা যাবে ক্যামেরা

প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

প্রচলিত একঘেয়ে কালো ও আয়তাকার স্মার্টফোনের ধারাকে যেন নতুন করে চ্যালেঞ্জ জানিয়েছে ফোন নির্মাতা প্রতিষ্ঠান ইউলেফোনের সাব-ব্র্যান্ড রাগওয়ান। প্রতিষ্ঠানটির নতুন ফোন ‘রাগওয়ান এক্সস্ন্যাপ ৭ প্রো’ শুধু শক্তিশালী ও টেকসই নয়, এতে রয়েছে চুম্বকের সাহায্যে ফোন থেকে আলাদা করা যায় এমন ক্যামেরা ইউনিট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, আলাদা করা এই ক্যামেরা অ্যাকশন ক্যামেরার মতোও ব্যবহার করা যাবে।

আইএফএতে কৌতূহল
জার্মানির বার্লিনে অনুষ্ঠিত প্রযুক্তি মেলা ‘আইএফএ ২০২৬’-এ ফোনটি প্রদর্শনের পর প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। প্রায় কিউব আকৃতির ক্যামেরা মডিউটির ওজন মাত্র ৩৯ গ্রাম। এটি সর্বোচ্চ ২.৭কে রেজুলিউশনে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেমে ভিডিও ধারণ করতে পারে। যদিও আধুনিক গোপ্রো ক্যামেরার সরাসরি বিকল্প হিসেবে ডিভাইসটি তৈরি করা হয়নি, তবে স্মার্টফোনের সঙ্গে বিচ্ছিন্নযোগ্য অ্যাকশন ক্যামেরা যুক্ত করার ধারণাটি বেশ অভিনব।

 
রাগওয়ানের তথ্য অনুযায়ী, ক্যামেরা মডিউলটি একবার পূর্ণ চার্জে প্রায় ৪০ মিনিট পর্যন্ত একটানা ব্যবহার করা যাবে। এতে রয়েছে ৬৪ জিবি বিল্ট-ইন স্টোরেজ। পাশাপাশি ফোনের সঙ্গে থাকা রাগওয়ানের নিজস্ব কম্পানিয়ন অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ ৫০ মিটার দূর থেকেও ক্যামেরার লাইভ প্রিভিউ দেখা যাবে।

ফ্রিফ্রেমে নিজের মতো করে ভিডিও
ক্যামেরা ইউনিটটিতে যুক্ত হয়েছে ডিস্টরশন কারেকশন, হরাইজন লক ও ‘ফ্রিফ্রেম’ শুটিং মোডের মতো বেশ কিছু সুবিধা। ফ্রিফ্রেম মোডে পুরো ক্যামেরা সেন্সর এলাকা ব্যবহার করে ভিডিও ধারণ করা যায়। ফলে পরে প্রয়োজন অনুযায়ী একই ফুটেজ লম্বালম্বি বা আড়াআড়ি-দুই ধরনের ফরম্যাটে ক্রপ করে নেওয়া সম্ভব। বাড়তি কোনো প্রোটেক্টিভ কেস ছাড়াই ক্যামেরাটি পাঁচ মিটার পানির নিচেও ব্যবহার করা যাবে।

শরীরে ঝুলিয়েই ভিডিও ধারণ
ব্যবহার আরও সহজ করতে ফোনটির সঙ্গে একটি ম্যাগনেটিক পেন্ড্যান্ট বা লকেট দেবে রাগওয়ান। এর মাধ্যমে ক্যামেরাটি শরীরে ঝুলিয়ে বা আটকে রেখে হাত ছাড়াই ভিডিও ধারণ করা যাবে। এ ছাড়া ইউনিভার্সাল মাউন্ট সমর্থন করে এমন বিভিন্ন থার্ড-পার্টি অ্যাক্সেসরির সঙ্গেও ক্যামেরাটি ব্যবহার করা যাবে।

 
অ্যাকশন ক্যামেরার পাশাপাশি ফোনটির মূল ক্যামেরা ব্যবস্থাও বেশ শক্তিশালী। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সুবিধাসহ ৫০ মেগাপিক্সেলের ‘এআই মেইন ক্যামেরা’ রয়েছে। পাশাপাশি ৬৪ মেগাপিক্সেলের ইনফ্রারেড নাইট-ভিশন ক্যামেরা ও আইআর এলইডি লাইট থাকায় অন্ধকার পরিবেশে বন্যপ্রাণীসহ বিভিন্ন দৃশ্যের স্পষ্ট সাদাকালো ছবি ও ভিডিও ধারণ করা যাবে।

শক্তিশালী স্পেসিফিকেশন, রাগড ডিজাইন
রাগওয়ান এক্সস্ন্যাপ ৭ প্রো ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির ডিসপ্লে, ১ হাজার ৭০০ নিটস পিক ব্রাইটনেস ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ প্রসেসর। স্থায়িত্বের দিক থেকেও ফোনটি বেশ শক্তপোক্ত। এতে রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯কে রেটিং। ফলে ফোনটি দুই মিটার গভীর পানিতে ৩০ মিনিট পর্যন্ত টিকে থাকতে পারে এবং দেড় মিটার উচ্চতা থেকে কংক্রিটের ওপর পড়ে গেলেও সুরক্ষিত থাকার দাবি করেছে নির্মাতা।

সেপ্টেম্বরে প্রি-অর্ডার, অক্টোবরে বিক্রি
চলতি বছরের শুরুতে ‘এমডব্লিউসি ২০২৬’-এ প্রোটোটাইপ হিসেবে ডিভাইসটির আংশিক প্রদর্শন করা হয়েছিল। তবে বার্লিনের আইএফএ ২০২৬ মেলাতেই ফোনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে কিকস্টার্টারে আর্লি-বার্ড প্রি-অর্ডার শুরু হবে। সেখানে বিশেষ ছাড়ে ফোনটি ৭৯৯ ইউরো বা প্রায় ৯৩০ ডলারে পাওয়া যাবে। অক্টোবর থেকে অ্যামাজন ও রাগওয়ানের অফিশিয়াল অনলাইন স্টোরে বিশ্বজুড়ে ফোনটির বিক্রি শুরু হবে। ‘স্যান্ড ডিউন’ ও ‘ক্লাসিক ব্ল্যাক’-এই দুই রঙে নিয়মিত দাম ধরা হয়েছে ৯৯৯ ডলার।

image

আপনার মতামত দিন