শিশু-কিশোরদের নিয়ে চাঁদ দেখা ও মহাকাশবিজ্ঞান শেখার আয়োজন

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

চাঁদ দেখা, মহাকাশবিজ্ঞান শেখা আর হাতে-কলমে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল অবজার্ভ দ্য মুন নাইট ও মুন ক্যাম্প’। নাসার নেতৃত্বে বিশ্বব্যাপী আয়োজিত চাঁদ পর্যবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে এ আয়োজন করে স্পেস ইনোভেশন ক্যাম্প ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের কাসা।

আয়োজকেরা জানান, দেশের ৩৫টি স্কুলের ৪ থেকে ১৪ বছর বয়সী ৪২ জন শিশু-কিশোর এ আয়োজনে অংশ নেয়। প্রায় পাঁচ ঘণ্টার অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল চাঁদ ও মহাকাশবিজ্ঞানবিষয়ক বিভিন্ন হাতে-কলমে কার্যক্রম।

ছোট ছোট দলে ভাগ হয়ে অংশগ্রহণকারীরা চাঁদে বসতি স্থাপনের ধারণা, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, চাঁদের মাধ্যাকর্ষণ ও মহাকাশবিজ্ঞানবিষয়ক বিভিন্ন পরীক্ষা সম্পর্কে জানে। পাশাপাশি তারা চন্দ্রযানের মডেল তৈরি ও পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল টেলিস্কোপে চাঁদ দেখা। শিশু-কিশোরদের পাশাপাশি তাঁদের অভিভাবকেরাও এতে অংশ নেন। আয়োজকেরা বলেন, অনেক শিশুর জন্য টেলিস্কোপে চাঁদ দেখার অভিজ্ঞতা ছিল প্রথম।

স্পেস ইনোভেশন ক্যাম্পের সভাপতি আরিফুল হাসান অপু বলেন, ‘আমরা চাই শিশুরা শুধু বই পড়ে মহাকাশ সম্পর্কে জানবে না, নিজের চোখে দেখবে, হাতে-কলমে কাজ করবে এবং প্রশ্ন করতে শিখবে। একটি শিশু যখন টেলিস্কোপে চাঁদ দেখে বা নিজের হাতে একটি চন্দ্রযানের মডেল তৈরি করে, তখন তার মনে মহাকাশ নিয়ে নতুন স্বপ্ন তৈরি হয়। সেই স্বপ্নকে আরও বড় করে তোলাই আমাদের চেষ্টা।’

আয়োজকদের ভাষ্য, শিশুদের কাছে বিজ্ঞান ও মহাকাশকে সহজ ও আনন্দময়ভাবে তুলে ধরাই ছিল আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি শিশুদের সৃজনশীলতা, দলগতভাবে কাজ করা, সমস্যা সমাধান এবং নতুন কিছু জানার আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের সনদ দেওয়া হয়। চাঁদ পর্যবেক্ষণ ও মহাকাশবিজ্ঞানবিষয়ক নানা কার্যক্রমের মধ্য দিয়ে শেষ হয় এবারের ‘ইন্টারন্যাশনাল অবজার্ভ দ্য মুন নাইট ও মুন ক্যাম্প’।

image

আপনার মতামত দিন