ছবি, ভিডিও ও অডিও এআই দিয়ে তৈরি কি না, জানাবে গুগলের টুল

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

অনলাইনে কোনো ছবি, ভিডিও বা অডিও ক্লিপ দেখে সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা যাচাইয়ের সুযোগ দিতে ‘সিন্থআইডি ডিটেক্টর’ নামের একটি ভেরিফিকেশন পোর্টাল সবার জন্য উন্মুক্ত করেছে গুগল। ৭ অক্টোবর বিশ্বব্যাপী ইংরেজি ভাষায় এ সেবা চালু করা হয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা গুগল ও অংশীদার প্রতিষ্ঠানগুলোর এআই প্রযুক্তি দিয়ে তৈরি বা সম্পাদিত কনটেন্টে সিন্থআইডি ওয়াটারমার্ক রয়েছে কি না, তা পরীক্ষা করতে পারবেন।

অংশীদার প্রতিষ্ঠানের কনটেন্টও যাচাই করা যাবে
গুগল ডিপমাইন্ডের তৈরি এ প্রযুক্তি এখন গুগলের পাশাপাশি ওপেনএআই, এনভিডিয়া ও কাকাওয়ের সমর্থিত ওয়াটারমার্ক শনাক্ত করতে পারে। শিগগিরই এ ব্যবস্থায় অ্যাপলের সমর্থন যুক্ত হওয়ার কথা রয়েছে। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি কনটেন্ট যাচাইয়ের জন্য আলাদা আলাদা সেবা ব্যবহারের প্রয়োজন কমবে। তবে সব এআই টুলের তৈরি কনটেন্ট শনাক্ত করতে পারে না সিন্থআইডি ডিটেক্টর।

যেভাবে কাজ করে সিন্থআইডি ডিটেক্টর
এ প্রযুক্তিতে ছবি, ভিডিও ও অডিওর ভেতরে অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত করা হয়। সাধারণ চোখে এসব সংকেত দেখা যায় না, তবে বিশেষ প্রযুক্তির সাহায্যে সেগুলো শনাক্ত করা সম্ভব। কোনো ফাইল সিন্থআইডি সমর্থিত এআই প্রযুক্তি দিয়ে তৈরি বা সম্পাদনা করা হলে সেটিতে ওয়াটারমার্ক থাকতে পারে। ডিটেক্টর সেই সংকেত খুঁজে দেখে কনটেন্টে সিন্থআইডি রয়েছে কি না।

ওয়েবসাইটে ফাইল আপলোড করেই যাচাই
সিন্থআইডি ডিটেক্টর ব্যবহার করতে প্রথমে synthid.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর প্রয়োজনীয় ছবি, ভিডিও বা অডিও ফাইল আপলোড করে যাচাইয়ের ফলাফল দেখা যাবে। সেবাটি ব্যবহারের জন্য অ্যাকাউন্টে সাইন ইন করতে হয়। গুগলের তথ্য অনুযায়ী, এ পোর্টালটি আগে সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও গবেষকদের পরীক্ষামূলক ব্যবহারের জন্য সীমিত ছিল। এখন তা বিশ্বব্যাপী সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

ডিপফেক শনাক্তে সম্ভাবনা, তবে রয়েছে সীমাবদ্ধতা
গুগলের মতে, অনলাইনে এআই দিয়ে তৈরি কনটেন্টের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলোর উৎস ও সত্যতা যাচাইয়ের প্রয়োজনীয়তাও বাড়ছে। সিন্থআইডি ডিটেক্টর এ ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে। তবে কোনো ফাইলে সিন্থআইডি ওয়াটারমার্ক না পাওয়া গেলেই সেটিকে আসল বা এআই দিয়ে তৈরি নয় বলে নিশ্চিত হওয়া যাবে না। কারণ, অন্য প্রযুক্তিতে তৈরি কনটেন্ট কিংবা সিন্থআইডি ব্যবহার না করা ফাইলে এ ধরনের সংকেত নাও থাকতে পারে। তাই অনলাইনে ছড়িয়ে পড়া ছবি, ভিডিও বা অডিওর সত্যতা যাচাইয়ে এ টুলের ফলাফলের পাশাপাশি নির্ভরযোগ্য সূত্র ও অন্যান্য প্রমাণও বিবেচনা করা জরুরি। সূত্র: টেকক্রাঞ্চ।

image

আপনার মতামত দিন