নিজেদের মধ্যে নতুন ভাষা তৈরি করছে এআই: জিওফ্রে হিন্টন

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

মানুষের অজান্তেই নিজেদের মধ্যে যোগাযোগের নতুন ভাষা তৈরি করছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মডেলগুলো। এসব ভাষাগত সংকেতের অর্থ মানুষের কাছে স্পষ্ট নয়, এমনকি গবেষকেরাও বুঝতে পারছেন না এআই মডেলগুলো নিজেদের মধ্যে ঠিক কী তথ্য বিনিময় করছে। ভবিষ্যতে এআইয়ের এই প্রবণতা মানুষের নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন কম্পিউটারবিজ্ঞানী জিওফ্রে হিন্টন।

নিজস্ব যোগাযোগ পদ্ধতি গড়ে তুলছে এআই
হিন্টনের আশঙ্কা, ভবিষ্যতে নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এআই মডেলগুলো মানুষের তুলনায় অনেক দ্রুত শিখতে পারবে। এমনকি তারা চিন্তা ও যোগাযোগের নিজস্ব পদ্ধতিও গড়ে তুলতে পারে। একপর্যায়ে এআই মডেলগুলো কীভাবে চিন্তা করছে কিংবা নিজেদের মধ্যে কী বিষয়ে আলোচনা করছে, তা মানুষের পক্ষে বুঝে ওঠা কঠিন হয়ে পড়তে পারে।

কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবায় এক প্রশ্নোত্তর পর্বে হিন্টন বলেন, এআই মডেলগুলো মানুষের মতো করে ভাষা শেখে না। প্রশিক্ষণের সময় তারা শব্দকে ছোট ছোট অংশে ভাগ করে নেয়। এসব অংশের প্রতিটির আলাদা অর্থ থাকতে পারে। যেমন কোনো শব্দের শুরুতে থাকা ‘ইউএন’ কিংবা শেষে থাকা ‘এন’ একটি অর্থপূর্ণ অংশ হিসেবে কাজ করতে পারে। এ ধরনের অসংখ্য ছোট অংশের সমন্বয় বিশ্লেষণ করেই ভাষা বুঝতে ও ব্যবহার করতে শেখে এআই মডেলগুলো।

 
হিন্টনের উদ্বেগের জায়গা হলো, এআই এজেন্টগুলো এখন প্রশিক্ষণের সময় সরাসরি শেখানো হয়নি, এমন নতুন নতুন শব্দাংশের সমন্বয় তৈরি করছে। এসব সমন্বয় ব্যবহার করে তারা নিজেদের মধ্যে যোগাযোগও করছে। কিন্তু নতুন এই ভাষাগত বিন্যাসের মাধ্যমে তারা কী বোঝাচ্ছে কিংবা সেগুলো কী কাজে ব্যবহার করছে, তা গবেষকেরা এখনো পুরোপুরি বুঝতে পারছেন না।

এ বিষয়ে হিন্টন বলেন, ‘আমরা দেখেছি, তারা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য শব্দের বিভিন্ন অংশের নতুন সমন্বয় তৈরি করছে। কিন্তু এসব সমন্বয় দিয়ে তারা কী করছে, তা আমাদের জানা নেই। বিষয়টি ধীরে ধীরে উদ্বেগজনক হয়ে উঠছে।’

হাজারো এআই এজেন্টের সম্মিলিত শেখার ক্ষমতা
মানুষের তুলনায় এআইয়ের অন্যতম বড় সুবিধা হলো নিজেদের মধ্যে শেখা তথ্য ও অভিজ্ঞতা ভাগাভাগি করার সক্ষমতা। মানুষকে সাধারণত নিজের অভিজ্ঞতা থেকে শিখতে হয়। কিন্তু এআইয়ের ক্ষেত্রে একই মডেলের হাজার হাজার অনুলিপি একসঙ্গে কাজ করতে পারে। প্রতিটি অনুলিপি আলাদাভাবে তথ্য বিশ্লেষণ করে নতুন কিছু শিখলে সেই জ্ঞান অন্য অনুলিপিগুলোর সঙ্গেও ভাগ করে নিতে পারে। ফলে অল্প সময়েই বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ ও শেখা সম্ভব হয়।

বিষয়টি ব্যাখ্যা করে হিন্টন বলেন, ‘এখন একই সময়ে এআইয়ের ১০ হাজার অনুলিপি চালানো সম্ভব। প্রতিটি অনুলিপি হয়তো ধীরে কাজ করছে, কিন্তু তারা নিজেদের শেখা বিষয়গুলো একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে। ফলে সম্মিলিতভাবে তারা অনেক বেশি তথ্য বিশ্লেষণ করতে পারে।’

হিন্টনের মতে, জ্ঞান বিনিময়ের এই সক্ষমতা ডিজিটাল বুদ্ধিমত্তাকে মানুষের বুদ্ধিমত্তার তুলনায় অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে। একটি এআই এজেন্ট স্বাধীনভাবে কোনো কিছু শিখলে সেই জ্ঞান মুহূর্তেই অন্য হাজারো এজেন্টের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। ফলে প্রত্যেক এজেন্টকে আলাদাভাবে একই বিষয় শেখার প্রয়োজন হবে না। সম্মিলিতভাবে শেখার এই সুযোগ এআইয়ের অগ্রগতির গতিও বাড়িয়ে দেবে।

নিজেরাই নিজেদের প্রশিক্ষণ দিতে পারবে এআই
এআইয়ের ভবিষ্যৎ সক্ষমতা নিয়ে আরও একটি সম্ভাবনার কথা তুলে ধরেছেন হিন্টন। তাঁর ধারণা, একসময় এআই মডেলগুলো মানুষের তৈরি তথ্যের ওপর নির্ভর না করেই নিজেদের শেখার ও উন্নত করার সক্ষমতা অর্জন করতে পারে।

এ প্রসঙ্গে হিন্টন গুগলের তৈরি গেম খেলার এআই ব্যবস্থা আলফাজিরোর উদাহরণ দেন। নিজের সঙ্গে নিজেই প্রতিদ্বন্দ্বিতা করে দাবাসহ বিভিন্ন খেলায় দক্ষতা অর্জন করেছিল আলফাজিরো। হিন্টনের মতে, একইভাবে ভাষাভিত্তিক এআই মডেলগুলো নিজেদের ধারণা ও বিশ্বাস যাচাই করতে পারবে। নিজেদের বক্তব্যের মধ্যে অসংগতি খুঁজে বের করে তা সংশোধনের মাধ্যমেও নতুন কিছু শিখতে পারবে তারা।

এআই নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জের আশঙ্কা
হিন্টনের আশঙ্কা, এ ধরনের ব্যবস্থা একসময় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়াই নিজস্ব প্রক্রিয়ায় কাজ করতে, চিন্তা করতে এবং নিজেদের আরও উন্নত করতে সক্ষম হবে। উদ্বেগের বড় কারণও এখানেই। কারণ, এআই একসময় মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠলে তাদের চিন্তার ধরন ও নিজেদের মধ্যে যোগাযোগের প্রক্রিয়া মানুষের বোধগম্যতার বাইরে চলে যেতে পারে।

তখন এআই কীভাবে কাজ করছে, নিজেদের মধ্যে কী তথ্য বিনিময় করছে কিংবা কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে, তা বোঝা কঠিন হয়ে পড়বে। ফলে উন্নত এআই ব্যবস্থার কর্মকাণ্ড পর্যবেক্ষণ, তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অনুধাবন এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণ নিশ্চিত করা ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সূত্র: ইন্ডিয়া টুডে

image

আপনার মতামত দিন