বিদেশ থেকে প্রযুক্তিপণ্য কেনার আগে যা জানা জরুরি

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বিদেশে ভ্রমণের সময় কিংবা আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেস থেকে স্মার্টফোন ও প্রযুক্তিপণ্য কেনার প্রয়োজন হতে পারে বিভিন্ন কারণে। ভ্রমণের সময় নিজের ফোন নষ্ট হয়ে যাওয়া অথবা স্থানীয় বাজারে পছন্দের মডেল বা গ্যাজেট আনুষ্ঠানিকভাবে পাওয়া না গেলে বিদেশ থেকে কেনাকাটাই হয়ে ওঠে বিকল্প। তবে ভিন্ন দেশ বা অঞ্চল থেকে প্রযুক্তিপণ্য কেনার ক্ষেত্রে কিছু জটিলতা ও সীমাবদ্ধতার মুখে পড়তে পারেন ক্রেতারা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদনে এসব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সব ডিভাইস বিশ্বজুড়ে ব্যবহারের উপযোগী নয়
একই মডেলের ডিভাইসের হার্ডওয়্যার ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য দেশভেদে ভিন্ন হতে পারে। যেমন, চীনে বিক্রি হওয়া অ্যাপলের কিছু আইফোন মডেলে দুটি ফিজিক্যাল সিম ব্যবহারের সুবিধা রয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে আইফোন ১৪ ও পরবর্তী মডেলগুলোতে ফিজিক্যাল সিম স্লটের পরিবর্তে শুধু ই-সিম সুবিধা রাখা হয়েছে। ফলে বিদেশ থেকে কেনা ফোনের সংস্করণ ও বৈশিষ্ট্য সম্পর্কে আগে থেকেই নিশ্চিত হওয়া জরুরি।

 
হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার সুবিধাতেও অঞ্চলভেদে পার্থক্য থাকতে পারে। যেমন, চীনের বাজারের জন্য তৈরি বা বিক্রি হওয়া আইফোনে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। ফলে অন্য দেশের বাজারে পাওয়া একই মডেলের ফোনের সব সুবিধা বিদেশ থেকে কেনা সংস্করণে নাও মিলতে পারে। তাই কেনার আগে ডিভাইসটির সফটওয়্যার ও অঞ্চলভিত্তিক ফিচারের প্রাপ্যতা যাচাই করা প্রয়োজন।

মোবাইল নেটওয়ার্কে সংযোগের সমস্যা
বিদেশ থেকে স্মার্টফোন কেনার ক্ষেত্রে সেলুলার ব্যান্ড ও নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সির বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা উচিত। নির্মাতা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অঞ্চলের নেটওয়ার্ক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ফোনের আলাদা সংস্করণ তৈরি করে। ফলে অন্য দেশ থেকে কেনা ফোন স্থানীয় মোবাইল অপারেটরের ফোরজি বা ফাইভজি নেটওয়ার্কে পুরোপুরি কাজ নাও করতে পারে। এমনকি স্থানীয় নেটওয়ার্কের জন্য ডিভাইসটি অনুমোদিত না হলে ভিওএলটিই ও ওয়াই-ফাই কলিংয়ের মতো গুরুত্বপূর্ণ সুবিধাও ব্যবহার করা সম্ভব নাও হতে পারে।

 
স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপ ও অন্যান্য প্রযুক্তিপণ্য কেনার ক্ষেত্রেও অঞ্চলভিত্তিক পার্থক্য রয়েছে। যেমন, ফ্রান্সে বিক্রি হওয়া অনেক ল্যাপটপে প্রচলিত কোয়ার্টি লেআউটের পরিবর্তে অ্যাজার্টি কিবোর্ড ব্যবহার করা হয়। এ ছাড়া দেশভেদে পাওয়ার প্লাগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় পার্থক্য থাকায় বিদেশ থেকে আনা গ্যাজেট ব্যবহারে আলাদা অ্যাডাপ্টরের প্রয়োজন হতে পারে। যুক্তরাষ্ট্রে সাধারণত ৬০ হার্টজে ১২০ ভোল্ট বিদ্যুৎ ব্যবহৃত হয়। অন্যদিকে, ইউরোপ ও এশিয়ার অধিকাংশ দেশে ৫০ হার্টজে ২২০ থেকে ২৪০ ভোল্ট বিদ্যুৎ সরবরাহ করা হয়। ফোন ও ল্যাপটপের চার্জার সাধারণত একাধিক ভোল্টেজে কাজ করলেও সব প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।

 আন্তর্জাতিক ওয়ারেন্টিতে থাকতে পারে সীমাবদ্ধতা
বিদেশ থেকে কেনা প্রযুক্তিপণ্যের ওয়ারেন্টি সুবিধা সব দেশে পাওয়া যায় না। অনেক নির্মাতা প্রতিষ্ঠান যে অঞ্চলে পণ্য বিক্রি করে, সেখানেই কারিগরি সহায়তা ও বিক্রয়োত্তর সেবা সীমাবদ্ধ রাখে। ফলে স্থানীয় বাজারে আনুষ্ঠানিকভাবে পাওয়া যায় না, এমন পণ্যের যন্ত্রাংশ নষ্ট হলে মেরামত করাও কঠিন হতে পারে। অ্যাপলকেয়ারের মতো কিছু সেবায় আন্তর্জাতিক সুবিধা থাকলেও অ্যাপলের ওয়ারেন্টি নীতিমালা অনুযায়ী আইফোনসহ নির্দিষ্ট কিছু ডিভাইসের সেবা মূল বিক্রয়কারী দেশে সীমাবদ্ধ থাকতে পারে।

  
আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেস থেকে পণ্য কেনার ক্ষেত্রে পণ্যের মূল দামের পাশাপাশি শিপিং খরচ ও আমদানি শুল্ক হিসাব করা জরুরি। অনেক সময় এসব অতিরিক্ত খরচের কারণে বিদেশ থেকে কেনা পণ্যের দাম স্থানীয় বাজারের তুলনায় বেশি পড়ে। এ ছাড়া বিভিন্ন দেশের আমদানি নীতিমালায় পরিবর্তনের ফলে করের পরিমাণও বাড়তে পারে। যেমন, যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পার্সেলের ক্ষেত্রে আগের ৮০০ ডলারের শুল্কমুক্ত সুবিধা বাতিল হওয়ায় ছোট চালানের ক্ষেত্রেও শুল্ক ও করের চাপ তৈরি হতে পারে।

কেনার আগে যাচাই করুন সব বিষয়
বিদেশ থেকে স্মার্টফোন, ল্যাপটপ কিংবা অন্য কোনো প্রযুক্তিপণ্য কেনার আগে এর হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক সামঞ্জস্য, ওয়ারেন্টি ও বিদ্যুৎ সংযোগের বিষয়গুলো ভালোভাবে যাচাই করা উচিত। একই সঙ্গে পণ্যের দাম, আন্তর্জাতিক শিপিং খরচ, আমদানি শুল্ক এবং প্রয়োজনে মেরামতের সম্ভাব্য ব্যয়ও হিসাব করতে হবে। বিশেষ করে দীর্ঘমেয়াদি ব্যবহার ও বিক্রয়োত্তর সেবাকে গুরুত্ব দিলে স্থানীয় বাজার থেকে আনুষ্ঠানিকভাবে পণ্য কেনাই তুলনামূলক নিরাপদ ও সুবিধাজনক হতে পারে। সূত্র: এনগ্যাজেট 

image

আপনার মতামত দিন